দ্রুতই অ্যাক্রিডিটেশন কার্ড পর্যালোচনা: প্রেস সচিব

২৮ ডিসেম্বর, ২০২৪ ১২:৩৬  

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে চলতি সপ্তাহে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা (কী পয়েন্ট ইনস্টলেশন-কেপিআই) সচিবালয়ের নিরাপত্তা বিবেচনায় অন‍্যান‍্য সব বেসরকারি পাসের পাশাপাশি বর্তমান অ‍্যাক্রিডিটেশন কার্ড নিয়ে সাংবাদিকদের প্রবেশও সীমিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তবে সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে। এছাড়া নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য তথ‍্য অধিদফতরের (পিআইডি) মাধ্যমে সব স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছ থেকে আবেদন আহ্বান করা হবে বলেও জানান তিনি।

শনিবার (২৮ ডিসেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

পোস্টে উল্লেখ করা হয়, এই সময়ে যেকোনও ইভেন্টের জন্য সাংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিয়মিত অস্থায়ী অ্যাক্সেস কার্ড পাবেন।

এ ছাড়া সাংবাদিকদের সাময়িক অসুবিধার জন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত উল্লেখ করে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন শফিকুল আলম।

এদিকে সাময়িকভাবে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর মধ্যে যেকোনো প্রেস ইভেন্টের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অস্থায়ী দৈনিক অ্যাক্সেস কার্ড দেওয়া হবে। সরকার অসুবিধার জন্য দুঃখিত এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করে।

এর আগে ২৭ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস (Digital Access Control System) এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিবর্গের জন্য) সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রিডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এতদ্বারা বাতিল করা হলো।